যুক্তরাষ্ট্রে স্টিভ জবস দিবস ঘোষণা

১৬ অক্টোবরকে স্টিভ জবস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে স্টিভ জবসের জন্মস্থান ক্যালিফোর্নিয়ায়। সদ্যপ্রয়াত অ্যাপল ইনকরপোরেটেডের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্মরণে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাপল কর্তৃপক্ষের আয়োজনে এ স্মরণসভাটি অনুষ্ঠিত হয়েছে। আর এই দিনটিকেই ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন ‘স্টিভ জবস ডে’ হিসেবে ঘোষণা করেছেন। এক টুইটার বার্তায় জেরি ব্রাউন জানান, ১৬ অক্টোবর ক্যালিফোর্নিয়ায় স্টিভ জবস দিবস পালিত হবে। এর অন্যতম উদ্দেশ্য, স্টিভকে সম্মান প্রদর্শন করা। তিনি উল্লেখ করেন, স্টিভ এমন একজন ব্যক্তি, যিনি নিজের তৈরি পণ্যের মাধ্যমে সারা বিশ্বে যোগাযোগের ক্ষেত্রটিকে বদলে দিয়েছেন। তাঁর জীবদ্দশায় এবং কাজের ক্ষেত্র ছিল ক্যালিফোর্নিয়া। দিবসটি ঘোষণা উপলক্ষে জেরি ব্রাউন বলেন, ‘স্টিভের উদ্ভাবন প্রযুক্তি খাতে এনেছে দারুণ পরিবর্তন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, তাঁর লক্ষ্য এবং কাজের চিন্তাশক্তি প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আমরা এ দিনটি স্টিভ জবস দিবস হিসেবে পালনের মধ্য দিয়ে তাঁর জীবন এবং তাঁর সাফল্যের কথা স্মরণ করতে চাই। পরবর্তী প্রজন্মের আগ্রহীরা এসে জানবে, বুঝবে এবং অনুসরণ করবে তাঁর সফলতাকে।’
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক সিলিকন ভ্যালির বিশ্বখ্যাত বেশ কিছু প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি এবং জবসের খুব কাছের কিছু মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্ট্যানফোর্ড ক্যাম্পাসে এ আয়োজন করার বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ জানায়, এ ক্যাম্পাসে স্টিভের নানা স্মৃতি জড়িয়ে আছে। ১৯৮৯ সালে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের স্ত্রীকে প্রথম দেখেছিলেন স্টিভ এবং ২০০৫ সালে নিজের সেরা বক্তব্যটি দিয়েছিলেন এ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। এর পাশাপাশি ১৯ অক্টোবর অ্যাপল কর্মীদের জন্য প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে একটি স্মরণসভার আয়োজন করা হবে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ